“সিলেট জকিগঞ্জ রোডে বাস খাদে”
মিজানুর রহমান জকিগন্জ, সিলেট।
জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেটগামী পথে আমলশীদ ত্রিমোহনা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের ঝোপে উল্টে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের ঝোপে ঢুকে যায়। এতে বাসে থাকা নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৫-২০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে সহায়তা করেন এবং আহতদের নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে আহতদের কারো পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার ফলে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply