“নারায়ণপুর ইউনিয়ন থাকবে নাকি পৌরসভা হবে – জনগণের মিশ্র প্রতিক্রিয়া”
মোহাম্মদ নেসার আহমেদ, উপজেলা প্রতিনিধি, মতলব, চাঁদপুর:
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এ এলাকার পৌরসভায় রূপান্তরের প্রস্তাব। স্থানীয় কিছু মানুষের উদ্যোগে উত্থাপিত এ প্রস্তাব নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
স্থানীয় জনতার সঙ্গে কথা বলে জানা যায়, একটি ক্ষুদ্র অংশের বাসিন্দা পৌরসভা ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন। তাদের মতে, পৌরসভা হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা, আলো ও পানি সরবরাহের মতো নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।
অন্যদিকে অধিকাংশ বাসিন্দা চান ইউনিয়ন পরিষদ ব্যবস্থা অব্যাহত থাকুক। তাদের দাবি, পৌরসভা হলে ট্যাক্স ও ফি বৃদ্ধি পাবে, ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। এছাড়া স্থানীয় প্রশাসনিক নিয়ন্ত্রণের পরিবর্তন গ্রামীণ চরিত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ সময় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার আমজাদ হোসেন এবং সহকারী কমিশনার মুনতাহিনা পৃথুলা উপস্থিত ছিলেন। তারা জানান, “আমরা জনগণের মতামত নিয়ে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। উন্নয়নের স্বার্থে যে পথই নেওয়া হোক, তা হবে জনগণের সম্মতিতে।”
সার্বিকভাবে দেখা যাচ্ছে, অধিকাংশ জনগণের মতামত হচ্ছে – তারা পৌরসভা নয়, নারায়ণপুরকে ইউনিয়ন হিসেবেই রাখতে চান।
Leave a Reply