“কোটালীপাড়ায় বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা ১ লাখ ৩০ হাজার টাকা”
ইসরাফিল খান , গোপালগঞ্জ (জেলা)প্রতিনিধি।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে দুটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।
জানা যায়, কোটালীপাড়া পৌরসভার মধ্যে অবস্থিত লোকনাথ বেকারি ও শ্রী দুর্গা বেকারিতে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে যায়।
অভিযান চলাকালে দেখা যায়, বেকারিগুলোতে উৎপাদিত পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির সময় শ্রমিকরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন না। উৎপাদন কক্ষে ময়লা-আবর্জনা, ধুলাবালি, খোলা জায়গায় রাখা কাঁচামাল ও ছত্রাকযুক্ত ট্রে ব্যবহার করা হচ্ছিল।
এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও খাদ্য নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা অনুযায়ী লোকনাথ বেকারিকে ৮০ হাজার টাকা এবং শ্রী দুর্গা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ বলেন,
“খাদ্য উৎপাদনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই খাদ্যপণ্যে অনিয়ম বা অস্বাস্থ্যকর পরিবেশ বরদাশত করা হবে না।”
অভিযানের সময় কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দাবি, নিয়মিত এ ধরনের অভিযান চালালে এলাকায় নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন কমে যাবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য পাবে।
Leave a Reply