“ঘিওরে ঝুলন্ত মরদেহ উদ্ধার”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া (৪০) একই ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
পরিবারিক সূত্র জানায়, সোনা মিয়া বিদেশে চাকরি করতেন। গত বছর ঢাকায় আন্দোলনের সময় গুলিতে তার স্ত্রী নিহত হন। সেই ঘটনার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিভিন্ন সময় মানসিক রোগে ভুগছিলেন। রবিবার রাতে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়ে খাওয়ার পর নিজ ঘরে ঘুমাতে যান সোনা মিয়া। ভোররাতে বাড়ির লোকজন কুকুরের চিৎকার শুনে বাইরে গিয়ে দেখেন পাশের বাড়ির রান্নাঘরে তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Leave a Reply