“মিঠাপুকুর থানার এসআই রবিউলের বিরুদ্ধে বাকপ্রতিবন্ধীর পাঁচ হাজার টাকা আত্মসাতের অভিযোগ”
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাকপ্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তি মামলার বাদী মোক্তার হোসেন এর কাছ থেকে মামলার রিপোর্ট দেওয়ার কথা বলে ৫,০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বর্তমানে মিঠাপুকুর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এর বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, এসআই রবিউল ইসলাম পূর্বে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রটি মিঠাপুকুর থানার পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত, যা পীরগঞ্জ ও মিঠাপুকুর অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পুলিশ কেন্দ্র।
ভুক্তভোগী মোক্তার হোসেন জানান, তিনি একটি মামলার বাদী ছিলেন। সেই মামলার রিপোর্ট দ্রুত দেওয়ার আশ্বাসে এসআই রবিউল ইসলাম তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করেন। বাধ্য হয়ে তিনি মানুষের কাছ থেকে ধার-দেনা করে উক্ত টাকা সংগ্রহ করে রবিউল ইসলামকে দেন। কিন্তু টাকা নেওয়ার পর রিপোর্ট না দিয়ে তিনি একাধিকবার সময়ক্ষেপণ করতে থাকেন এবং পরে যোগাযোগও বন্ধ করে দেন।
বাকপ্রতিবন্ধী ও অসহায় মোক্তার হোসেন বলেন, আমি কথা বলতে কষ্ট পাই। অনেক কষ্টে মানুষের কাছ থেকে টাকা ধার করে দিয়েছিলাম। আমার কোন কাজ করে দেয়নি, টাকাও ফেরত দিচ্ছে না।
ঘটনার পরিপ্রেক্ষিতে, ভুক্তভোগী মোক্তার হোসেন বিষয়টি রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে তাঁর টাকা ফেরত ও ন্যায়বিচার নিশ্চিত করবেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, একজন বাকপ্রতিবন্ধী ও দরিদ্র মানুষের কাছ থেকে পুলিশ কর্মকর্তার এভাবে টাকা নেওয়া অত্যন্ত অনৈতিক ও অমানবিক। তাঁরা দোষী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাদী যেহেতু এসপি অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন, তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply