“মাধবপুরে তেলিয়াপাড়া–সাতছড়ি রোডে আবারও গাছ ফেলে ডাকাতি”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া থেকে জাতীয় উদ্যানখ্যাত সাতছড়ি রোডে ডাকাতির ঘটনা যেন এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মাঝে মাঝেই এ রাস্তায় গাছ ফেলে ডাকাতির খবর শোনা যায়।
গতকাল (শুক্রবার) রাতে উপজেলার সুরমা চা বাগান এলাকার রাস্তায় গাছ ফেলে আবারও ডাকাতি সংঘটিত হয়েছে। জানা যায়, স্থানীয় ফার ইস্ট কোম্পানিতে কর্মরত সুরমা বাগানের কয়েকজন শ্রমিক প্রতিদিনের মতো লেগুনা গাড়িতে করে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ রাস্তায় ফেলা গাছে বাধা পেয়ে গাড়ি থামাতে বাধ্য হন তারা। ঠিক সেই মুহূর্তে একদল মুখোশধারী ডাকাত তাদের ওপর হামলা চালায়।
ডাকাতদল শ্রমিকদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকা, এমনকি নারীদের কানের দুল পর্যন্ত ছিনিয়ে নেয়। এসময় এক নারীর কানের দুল টানতে গিয়ে কান ফেটে যায়।
চিৎকার শুনে সুরমা বাগান এলাকায় হুইসেল বাজানো হয়, মুহূর্তেই বাগানের শতাধিক মানুষ ছুটে আসে। স্থানীয়দের সহায়তায় ডাকাতরা পালিয়ে যায়। পরে বাংলাদেশ পুলিশ ও বিজিবির যৌথ টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই এই রাস্তায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। তারা বলেন,
> “আমরা আতঙ্কে থাকি—রাতে কখন কে কোথায় ডাকাতির কবলে পড়ি বলা যায় না। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।”
জনসাধারণ জীবনের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি কামনা করছে এলাকাবাসী।
Leave a Reply