“লালপুরে গাছের সঙ্গে শত্রুতা,কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা”
মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে রাতের আঁধারে মাসুদ রানা নামে এক কৃষকের কলা ও লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের জমিতে গিয়ে দেখেন প্রায় ১ হাজার ৮০০টি কলাগাছের কাঁদিগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। পাশে থাকা জমিতে লাউ গাছের গোড়াও কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। কাটা লাউগুলো মাটিতে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কৃষক মাসুদ রানা ওই গ্রামের মো. সুব্বাস আলীর ছেলে।
কৃষকের বাগানে কাজ করা শ্রমিক নুরু বলেন, আমি অনেক দিন ধরে মাসুদ ভাইয়ের কলা বাগানে কাজ করি। সকালে এসে দেখি সব কাটা পড়ে আছে। কলা গাছ, লাউ গাছ সব নষ্ট করে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে কলা ও সবজির চাষ করে জীবিকা নির্বাহ করছি। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? যারা এমন কাজ করেছে, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply