“শাহজালাল সরকারি কলেজ,মনতলা এর ইংরেজি প্রভাষক মাহবুব স্যার আর নেই”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
একবার জন্মিলে মরিতে হবে এটা চিরন্তন সত্য কিন্তু অকাল মৃত্যু মেনে নেয়া যায় না!
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুব ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া।
জানা যায়, শনিবার বিকেলে তিনি কলেজে নিয়মিত ক্লাস শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অল্প বয়সেই শিক্ষকতা জীবনে মাহবুব ইসলাম অর্জন করেছিলেন অসাধারণ সুনাম। ইংরেজি সাহিত্যে গভীর জ্ঞান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং নৈতিকতার কারণে তিনি কলেজে ছিলেন সবার প্রিয় শিক্ষক।
সহকর্মী কাউছার আহমেদ বলেন, “মাহবুব স্যার ছিলেন অসাধারণ প্রতিভাবান শিক্ষক। তিনি দুটি বই লিখেছেন এবং সর্বদা অধ্যয়ন ও গবেষণায় নিমগ্ন থাকতেন। আজ দুপুরেও ক্লাস নিয়েছেন—কে জানত, সেটিই হবে তাঁর শেষ ক্লাস!”
নজরপুর গ্রামের কৃতি সন্তান মাহবুব ইসলাম শিক্ষকতা জীবনে নিজেকে নিবেদন করেছিলেন শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে। তাঁর মৃত্যুতে মাধবপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
একজন মেধাবী, পরিশ্রমী ও জননন্দিত শিক্ষক হিসেবে মাহবুব ইসলামের অবদান শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
Leave a Reply