“গ্রিনপিট ভাইপারের ছোবল থেকে রক্ষা পেলেন চা শ্রমিক! মাধবপুর হাসপাতালের চিকিৎসায় সুস্থ নেপাল রবি দাস”
জি.এমবাবু,উপজেলাপ্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা-বাগানে কাজ করার সময় গ্রিনপিট ভাইপার নামের এক বিষধর সাপের ছোবলে আক্রান্ত হয়েছিলেন নেপাল রবি দাস (২৮) নামে এক চা শ্রমিক। তবে উপজেলা সদর হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে প্রাণে বেঁচে গেছেন তিনি।
ঘটনাটি ঘটে গত শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যায়। প্রতিদিনের মতো বাগানে কাজ করছিলেন নেপাল রবি দাস। হঠাৎ করে এক বিষধর সাপ তার শরীরে কামড় দিলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তখন কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হাসনাত এবং ডা. জন্নাতুন নাঈম কেয়া দ্রুত রোগীকে শনাক্ত করে সাপের বিষক্রিয়া নিরাময়ের জন্য এন্টিভেনম ইনজেকশন প্রয়োগ করেন। তিন দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর নেপাল রবি দাস সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
চিকিৎসক আবুল হাসনাত ও ডা. জন্নাতুন নাঈম কেয়া জানান, “রোগীর শরীরে যে সাপ কামড়ের চিহ্ন ও প্রতিক্রিয়া দেখা গেছে, তা দেখে আমরা ধারণা করছি এটি গ্রিনপিট ভাইপার নামের এক বিষধর সাপের কামড় ছিল।”
চা-বাগান এলাকায় এ ধরনের সাপের উপস্থিতি নতুন নয়, তবে দ্রুত চিকিৎসা না পেলে এমন কামড় মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
Leave a Reply