“খুলনার শিববাড়ি মোড়ে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলা”
রহমাতুল্লাহ, খুলনা শহর প্রতিনিধি
খুলনা মহানগরীতে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে হামলার এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর আকস্মিকভাবে হামলা চালায়।
এহতেশামুল হক শাওন বলেন, একটি ঘটনা প্রসঙ্গে বক্তব্য নেওয়ার জন্য একটি নম্বরে কল করে কথা হয়। হঠাৎ করেই অপর প্রান্তের ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে শান্ত হলে আমি বলি, আপনি কোথায় আছেন। আমরা সামনা সামনি কথা বলি। তাহলে ভুল বোঝাবুঝির অবসান হবে।
তিনি বলেন, আমি শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আছি। আসেন একসঙ্গে চা খাই। আমি সহকর্মী কামরুল হোসেন মনিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে ফোনে কথা বলা ব্যক্তি (ট্রু কলারে পাওয়া নাম বিপ্লব আবির) সহ ৮-১০ জন আমাদের ঘিরে ফেলে। আমি পরিচয় দিতেই তারা এলোপাতাড়ি ঘুষি-চড়-লাথি মারতে থাকে। আমাকে রক্ষা করতে গেলে কামরুল মনি বেদম প্রহারের শিকার হন।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন বলেন, সংবাদ শুনে ঘটনা স্থলে পৌছেছি। এখানের ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনুনাগ ব্যবস্থা নেবো।
Leave a Reply