“দেবীদ্বারে রুবেল হত্যা ও আবুবকর হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার”
মো: আল-আমিন, স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত রুবেল হত্যা ও আবুবকর হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার পুলিশ পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান (২৫)। তিনি পৌর এলাকার বারারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
অন্যদিকে একই দিন দেবীদ্বার সরকারি কলেজ রোডের কালাচান্দ সুপার মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলায় দশম শ্রেণির শিক্ষার্থী আবুবকর গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার তদন্তে অভিযুক্ত হন পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি (২৭)। তিনি সাইলচর গ্রামের জুনাব আলীর ছেলে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান,
> “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, রুবেল হত্যা ও আবুবকর হত্যাচেষ্টা মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply