“হেলপারের হাতুড়ির আঘাতে ট্রাক ড্রাইভার খুন: পলাতক আসামি গ্রেফতার”
মোঃ সাকিব হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ট্রাকের হেলপারের হাতুড়ির আঘাতে এক ট্রাকচালক নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
বাদীর এজাহার সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি পেশায় ট্রাকচালক ছিলেন এবং গ্রেফতারকৃত আসামি মোঃ মহব্বত আলী (২০) ছিলেন তাঁর হেলপার। তাঁরা একই গ্রামের বাসিন্দা। গত ০৩/০৯/২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ২.৩০ ঘটিকায় তাঁরা মালামাল নেওয়ার জন্য হাকিমপুর থানাধীন পৌরসভাস্থ উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) স্কুল এলাকায় আসেন। ট্রাকটি বাবলু হাজীর সততা অফিসের সামনে অবস্থান করছিল।
এ সময় ট্রাকের হেলপার মহব্বত আলী ভিকটিমের কাছে টাকা চান। ভিকটিম টাকা দিতে রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে আসামি মহব্বত আলী ট্রাকের কেবিনে থাকা লোহার হাতুড়ি দিয়ে ভিকটিমের মাথায় হত্যার উদ্দেশ্যে সজোরে আঘাত করে পালিয়ে যান।
স্থানীয় লোকজন দ্রুত ভিকটিমকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টের প্রয়োজনে তাঁকে প্লাটিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ০৪/০৯/২০২৫ ইং তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ০১/১৭৪, তারিখ- ০৫/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩২৩/৩২৫/৩০৭/৩০২ পেনাল কোড, ১৮৬০।
এই চাঞ্চল্যকর ঘটনাটি স্থানীয় এলাকায় আলোড়ন সৃষ্টি করে এবং গণমাধ্যমে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায়, গত ১২/১১/২০২৫ খ্রিঃ ০৯.৩০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর চৌকস আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। তাঁরা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মহব্বত আলী (২০), পিতা- মোঃ আলাউদ্দিন শেখ, সাং- রয়হাটী, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply