“জলবায়ু বিপর্যয় মোকাবিলায় ফুলবাড়ীতে তরুণদের ঐক্যবদ্ধ মানববন্ধন”
মোঃআশরাফুজ্জামান, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ
“ন্যায্য রূপান্তর চাই এখনই”এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জিরো পয়েন্ট তিনকোনা মোড়ে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ফুলবাড়ী ইয়ুথ হাব ও এক্টিভিস্টা কুড়িগ্রাম এই মানববন্ধন ও সচেতনতা কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেন তরুণ-তরুণী, যুব নারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। হাতে রঙিন প্ল্যাকার্ড—“Stop Global Warming”, “Act Today Save Tomorrow”, “SAVE Our Planet”, “পরিবেশ রক্ষা—আমারই জীবনের রক্ষা”—এর মতো সচেতনতামূলক বার্তা নিয়ে তারা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সামিল হন।আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারকদের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই জীবিকা, শিক্ষা, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।মানববন্ধনে বক্তব্য রাখেন এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য শিমু শেখ, শান্তা আক্তার, রাতুল হাসান ও মুন সরকার। বক্তারা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, কার্বন নির্গমন কমানো, জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নীতি প্রণয়নের দাবি জানান।বক্তারা আরও বলেন, “আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না”এই প্রত্যয়ে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে জলবায়ু ন্যায়বিচারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
ফুলবাড়ীর এই মানববন্ধন এলাকাজুড়ে পরিবেশ সচেতনতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
Leave a Reply