“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর সব অনুষ্ঠান নিষিদ্ধ: শিক্ষার্থীদের ক্ষোভ”
মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ১০টার পর যেকোনো ধরনের সাংস্কৃতিক, সামাজিক বা অন্যান্য অনুষ্ঠান করার ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গেলো শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর কোনো ধরণের অনুষ্ঠান আয়োজন করা যাবে না। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। পাশাপাশি অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন সময় নির্ধারণ করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও চর্চায় এটি প্রশাসনের স্বেচ্ছাচারী হস্তক্ষেপ। শিক্ষার্থীদের ভাষ্য, রাতের ক্যাম্পাসই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান প্রাণ; সেখানে নিষেধাজ্ঞা আরোপ করা স্বাধীন সাংস্কৃতিক চর্চার পরিপন্থী।
অনেকেই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার্থীবান্ধব সমাধান প্রত্যাশা করছেন।
Leave a Reply