“স্কুলছাত্রীকে বিয়ে দিতে অস্বীকৃতি, বাবাকে মারধরের পর মৃত্যুর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে”
নিজিস্ব প্রতিবেদক
বগুড়ায় এক স্কুলছাত্রীকে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর বাবাকে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) বিকেলে শহরের ফুলবাড়ী মধ্যপাড়া করতোয়া নদীর ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের নাম মো. শাকিল (৩২)। তিনি শহরের শিববাট্টি এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। তাঁদের মধ্যে একজন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।
শাকিলের মামা সিফাত হোসেন বলেন, “জিতু ও তার কয়েকজন সহযোগী শাকিলের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। শাকিল তাতে আপত্তি জানালে বাকবিতণ্ডা হয়। পরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়।”
একপর্যায়ে শাকিলকে আহত অবস্থায় ফুলবাড়ী মধ্যপাড়ায় পাওয়া যায়। দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, “জিতুর বিরুদ্ধে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংগঠন ব্যক্তিগত কোনো অপ্রীতিকর ঘটনার দায় নেবে না।”
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বাকি সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a Reply