“ধুনটে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলার ২০ আসামি গ্রেপ্তার”
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া, মাদক, ওয়ারেন্ট, চুরি ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতাও রয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জুয়া মামলায় ১০ জনকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ধুনট উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী সারিয়াকান্দি ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কয়েকজন বাসিন্দাও রয়েছেন।
এছাড়া মাদক মামলায় চারজনকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে নাশকতা মামলায় সোনাহাটা গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর (৩২)-কে আটক করা হয়। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ নিশ্চিত করেছে।
চুরি মামলায় একজন এবং পৃথক অভিযানে মাদক সেবনের সময় আরও চারজন মাদকসেবীকেও গ্রেপ্তার করা হয়।
ধুনট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই জুয়া, মাদক, নাশকতা, চুরি ও ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি। অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply