“জাবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব: সভাপতি মোস্তাফিজুর, সেক্রেটারি মাজহারুল”
মো: শাকিল হোসাইন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।
সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন করা হয়।
এ উপলক্ষ্যে জাবি শাখার সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত হিসেবে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
এ সময় নবনির্বাচিত সভাপতিকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
পরবর্তীতে সদস্যদের পরামর্শ ও সংগঠনের নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন।
নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণের পর বলেন,
“ছাত্রশিবিরের আদর্শকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখাকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আমরা কাজ করবো। শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
অন্যদিকে সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন,
“আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করবো। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার, নৈতিক শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখাও নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে ২০২৬ সেশনে জাবি শাখার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সংশ্লিষ্টরা।
Leave a Reply