“শিবচরে বিএনপির নির্বাচনী আলোচনাসভায় আওয়ামীলীগ নেতার বিএনপিতে যোগদান”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলা শিরুয়াইল ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিরুয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার (০২ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার দিকে ইউনিয়নের শিরুয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আবু জাফর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার। আলোচনা সভায় বিএনপি প্রার্থী নাদিরা আক্তার শিরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর মাদবর ও সদস্য লেকমান সিপাহি কে ফুলের মালা দিয়ে বিএনপির সভায় বরণ করে নেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম খান (চানমিয়া), শিবচর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল মাহমুদ, শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর খন্দকার ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দীন টিপু।
এছাড়াও স্থানীয় বিএনপি নেতা ইমরান সরদার, জিন্নাত সরদারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিপুল সংখ্যক নারী কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, শিবচর উপজেলায় নারী ভোটারের সংখ্যা প্রায় ৫১ শতাংশ। একজন নারী প্রার্থী হিসেবে তিনি নারী ভোটারদের অধিকার ও দাবিদাওয়া সহজেই উপলব্ধি করতে পারেন। তিনি বলেন, “আপনাদের যে কোনো সমস্যা বা দাবি নিয়ে আমার কাছে আসা একজন পুরুষ প্রার্থীর চেয়ে অনেক সহজ হবে। তাই আপনাদের ভোটের প্রকৃত দাবিদার আমি।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে, যাতে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যায়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের ভর্তুকির আওতায় আনা হবে। এ সময় তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আবু জাফর চৌধুরী বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। অতীতে আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে আমার ভাই আবুল খায়ের চৌধুরীকে শিবচরের এমপি নির্বাচিত করেছিলেন। আমি আশা করি, আগামীতেও একইভাবে ধানের শীষে ভোট দিয়ে নাদিরা আক্তারকে সংসদে পাঠাবেন।” তিনি সকলকে নিজ নিজ পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে অন্যান্য বক্তারাও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply