“বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে জাবি যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও আলোচনা সভা”
“মোঃ শাকিল হোসাইন জাবি প্রতিনিধি”
“বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস” উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আজ শুক্রবার (০৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে জাবি যুব রেড ক্রিসেন্ট অফিসে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও উপদেষ্টারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে সংগঠনের সদস্যরা রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে সংগঠনের অফিসের উত্তর পাশে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়।
সংগঠনের ইউথ লিডার কেমিস্ট্রি বিভাগের ৪৭ তম ব্যাচের নাফিউল আলম অয়ন বলেন, মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তরুণদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সংগঠনটি নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
জাবি যুব রেড ক্রিসেন্টের ইনচার্জ মহিবুর রৌফ শৈবাল বলেন, “আধুনিক মানবসম্পদ তৈরির জন্য যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমের বিকল্প নেই। দেশের যেকোনো দুর্যোগে যুব রেড ক্রিসেন্ট সবার আগে এগিয়ে আসে এবং মানুষের পাশে দাঁড়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম যুব রেড ক্রিসেন্ট দলীয় কার্যক্রম শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনকে দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতিমূলক প্রশিক্ষণের আওতায় এনে ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে সচেতন করে তুলতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “২০১৮ সালে জাবিতে রেড ক্রিসেন্টের কার্যক্রম আনুষ্ঠানিক অনুমোদন পায়। এরপর থেকে বিভিন্ন টিমের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও ধাপে ধাপে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। তরুণদের মধ্যে স্বেচ্ছাসেবী মনোভাব সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড প্রশিক্ষণের আয়োজন করে থাকে। মানবিক সেবায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সংগঠনটির এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পূর্ববর্তী উল্লেখযোগ্য কার্যক্রম:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত গাড়িচালক ও সুপারভাইজারদের জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করে জাবি যুব রেড ক্রিসেন্ট। বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস-২০২২ উপলক্ষে ‘লাইফ লং ফার্স্ট এইড লার্নিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অধীনে জাতীয় সদর দফতর যুব রেড ক্রিসেন্ট বাংলাদেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (জাবি, রাবি, ঢাবি, জবি ও চবি) এ কর্মশালার আয়োজন করে।
এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট ইউনিট ২০২৩ সালের নভেম্বর মাসে ৩ দিনব্যাপী “Y-Adapt” (Youth Adapt) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটির মাধ্যমে তরুণদের জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও অভিযোজন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Leave a Reply