“ধুনটে সরকারি সম্মানি ভাতা নিয়ে বিরোধ, ইমামকে অব্যাহতি”
“আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:”
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি সম্মানি ভাতাকে কেন্দ্র করে ইমাম ও পরিচালনা কমিটির মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইমাম রুহুল আমিন সোহাগের অভিযোগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আওতায় প্রাপ্ত সরকারি সম্মানি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা দিতে তাকে চাপ দেওয়া হয়। তিনি এতে রাজি না হওয়ায় গত ২৭ মে রাতে মোবাইল ফোনে তাকে চাকরি থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, “সরকারি ভাতার অর্থ আমার ব্যক্তিগত প্রাপ্য। সেটি মসজিদ ফান্ডে জমা দিতে বলা হলেও আমি রাজি হইনি। এরপরই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
অন্যদিকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ দাবি করেন, সরকারি ভাতার কারণে নয়, বরং মুসল্লিদের অসন্তোষ ও দায়িত্ব পালনে পরিবর্তনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, নিয়োগের সময় পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব থাকলেও পরে মুসল্লিদের অভিযোগের কারণে তাকে দুই ওয়াক্তের দায়িত্বে সীমাবদ্ধ করা হয়। এ অবস্থায় বেতন কাঠামো নিয়ে মতবিরোধ দেখা দিলে বিষয়টি জটিল আকার ধারণ করে।
মসজিদের খতিব মুফতি গোলাম রব্বানী বলেন, বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। তবে তিনি এখনও বিস্তারিত তথ্য জানেন না।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply