“লালপুরে চুরি হওয়া দুই মহিষ উদ্ধার, গ্রেপ্তার ২”
“লালপুর(নাটোর)প্রতিনিধি”
নাটোরের লালপুর উপজেলায় চাঞ্চল্যকর চুরি ও ভাঙচুরের ঘটনায় চুরি হওয়া দুটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১৬ জুন (মঙ্গলবার) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে লালপুর থানার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. লায়েব হোসেনের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।
এছাড়া হামলাকারীরা ঘরে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাড়ির সামনে থাকা দুটি মহিষও নিয়ে যায় তারা।
ঘটনার পর ভুক্তভোগী লায়েব হোসেন লালপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। মামলার সূত্র ধরে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৭ জুন এজাহারভুক্ত আসামি মো. আব্দুল খালেক (৩০) ও মো. টেন্ডুল হোসেন (২৮)-কে গ্রেপ্তার করে। একই অভিযানে চুরি হওয়া দুটি মহিষও উদ্ধার করা হয়।
লালপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে ১৭ জুন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মহিষ দুটি আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকের জিম্মায় হস্তান্তর করা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply