“ধুনটে একই দিনে পৃথক দুই স্থানে দুই মরদেহ উদ্ধার”
“আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি”
বগুড়ার ধুনট উপজেলায় একই দিনে পৃথক দুই স্থানে এক গৃহবধূ ও এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার রামনারায়ণপুর গ্রামের দুলাল শেখের স্ত্রী রাহেলা বেগম (৫৫) এবং শেরপুর উপজেলার রণবীরবালা গ্রামের আমিনুল ইসলাম আরমান (৬৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহেলা বেগম দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত রোগে ভুগছিলেন। পরিবারের সদস্যরা তার চিকিৎসার জন্য বিভিন্ন উদ্যোগ নিলেও অবস্থার উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে নিজ ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, মানসিক ভারসাম্যহীন আমিনুল ইসলাম আরমান গত ১২ জুন নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply