“ধুনটে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক যুবক, ১৫ দিনের কারাদণ্ড”
“আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:”
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ গ্রাম গাঁজাসহ শাহ আলম শেখ (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার সদরপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে শাহ আলম শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি উপজেলার সদরপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত শাহ আলম শেখকে পুলিশ পাহারায় জেলহাজতে পাঠানো হয়।
অভিযানকালে এসআই তাহিদুল আলমসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার একটি টিম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply