“লালপুরে অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটায় জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ”
“লালপুর(নাটোর)প্রতিনিধি:”
নাটোরের লালপুর উপজেলায় অনুমতি ব্যতীত কৃষিজমি ও পদ্মা নদীর চরাঞ্চল থেকে ভরাট মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর-মোহরকয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পদ্মা নদীর চর ও পাশ্ববর্তী কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ‘ই.এস.এল.’ ইটভাটার সংলগ্ন কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাট মাটি কাটার সত্যতা ও আলামত পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে আটক মো. ইদবার আলী (৫৩)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এদিকে একই দিনে ইউনিয়ন ভূমি অফিস, লালপুর ও বিলমাড়িয়া পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের প্রবেশগেটে নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, লালপুর থানা পুলিশের একটি চৌকস দল এবং আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ মাটি কাটা বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply