“মুসল্লিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়।”
(পলাশ পাল, জেলা প্রতিনিধি)
গত ২৬শে জুন শুক্রবার
নেত্রকোণা শহরের বারহাট্টা রোডে বায়তুস সালাম জামে মসজিদে মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করে অবস্থানরত স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় পুলিশ সুপারের পাশাপাশি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার উপস্থিত ছিলেন।সাম্প্রদায়িক সম্প্রীতি, মাদক ও কিশোর গ্যাং নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, গুজব রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মত বিনিময় সভায় মুসল্লিদের মাধ্যমে সর্বস্তরের জনসাধারণের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
তিনি, রাজুর বাজার এলাকার দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির প্রশংসা করে বলেন, বিদ্যমান এই সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি ভবিষ্যতেও অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের শক্ত অবস্থানের কথা ব্যক্ত করেন। পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। এলাকার যেকোনো সন্দেহজনক ব্যক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়এবং প্রকৃত অপরাধী কে খুব দ্রুত সময়ের ভিতর আইনের আওতায় আসা যায় ।তাই দ্রুত সময়ের ভেতর সঠিক তথ্য পুলিশকে জানাতে তিনি সবার প্রতি বিনীত আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত থানায় যোগাযোগ করতে হবে।
এ সময় রাজুর বাজার এলাকার প্রধান সড়ক ও মসজিদসংলগ্ন এলাকায় যানজট এড়াতে যত্রতত্র মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন পার্কিং না করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতনামূলক ভূমিকা পালনের ওপর জোর গুরুত্বারোপ করেন।
তিনি যেকোনো প্রয়োজনে যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নেত্রকোণা মডেল থানার ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
Leave a Reply