“করিমগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”
“আরিফুল ইসলাম (রিফাত)
উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ – তাড়াইল, কিশোরগঞ্জ।”
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম ওরফে রবি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় সচেতন তরুণরা রবিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রবি একই গ্রামের আব্দুল করিমের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম ওরফে রবির ওপর নজরদারি চালিয়ে আসছিল আইন-শৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর সচেতন তরুণরা। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৮ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
করিমগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম ওরফে রবির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply