“আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতি: জাবিতে ‘রোড টু আইইএলটিএস’ সেমিনার অনুষ্ঠিত”
মোঃ শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘Road to IELTS’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলের (পুরাতন সিনেট হল) কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের সহযোগিতায় এবং ড. কাজী সাইফুল ইসলামের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন, তাসনিম ওয়াসিথ ও মোহাম্মদ ওয়াবদুল্লাহ। তাঁরা আইইএলটিএস পরীক্ষা, ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। এতে শিক্ষার্থীরা আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও এ ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানার সুযোগ পান।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ ধরনের সেমিনার উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি, ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং আবেদনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক ধারণা লাভে এ আয়োজন সহায়ক হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য নিজেদের প্রস্তুত করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের পরিকল্পনা গ্রহণেও শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন থেকে উপকৃত হতে পারেন।
Leave a Reply