“৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে ছাত্রশিবিরের র্যালি”
মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি, রংপুর
৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের মাধ্যমে ‘ফতহে গণভবন’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই জাগরণ, নব উদ্যমে নির্মাণ” শিরোনামে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর জেলা শাখা।
সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে রংপুর শহরের শাপলা চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে শিবিরের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ছাত্র ও কর্মী অংশগ্রহণ করেন। তারা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “৩৬ জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের এক বিস্ময়কর অধ্যায়। ফতহে গণভবন শুধু একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি জনগণের ইচ্ছার প্রতিফলন।”
র্যালির মাধ্যমে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগণকে দেশ পুনর্গঠনের আন্দোলনে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, “নবউদ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ফতহে গণভবনের স্মৃতি যেন হারিয়ে না যায়। এই দিনটিকে ঘিরে আমাদের ঐক্যবদ্ধ সংকল্প, ইনসাফের সমাজ প্রতিষ্ঠার পথে আমাদের অনুপ্রেরণা জোগাবে।”
Leave a Reply