“PWD স্পোর্টস ক্লাবে যোগ দিয়েছেন তরুন ফুটবলার শরীফ”
রাফি বিশেষ প্রতিনিধি, ঢাকা
তরুণ ফুটবলার মোহাম্মদ শরীফ এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন দেশের শীর্ষ ফুটবল আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL)। ২০২৫-২৬ মৌসুমে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন PWD স্পোর্টস ক্লাবের সঙ্গে।
২০১৬ সালে বিকেএসপি’র তৃণমূল ক্যাম্প থেকে ফুটবলের আনুষ্ঠানিক পথচলা শুরু হয় শরীফের। পাঁচ মাসের সেই প্রশিক্ষণ তাকে ফুটবলের মৌলিক ভিত্তি গড়ে দেয়। পরের বছর, ২০১৭ সালে বিকেএসপিতে ভর্তি হয়ে ভারতের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ-১৪) বিকেএসপি দলের হয়ে মাঠে নামেন। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক আসর।
নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় জন্ম নেওয়া শরীফ ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর আগ্রহী ছিলেন। স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের ওসমান স্টেডিয়ামে অভিজ্ঞ কোচ আক্তার হোসেনের তত্ত্বাবধানে ফুটবল শেখেন। এখানেই তার টেকনিক, ফিটনেস ও খেলার প্রতি পেশাদার মনোভাব গড়ে ওঠে।
বয়সভিত্তিক ফুটবল শেষে শরীফ একে একে এগিয়ে গেছেন পেশাদার ক্যারিয়ারের দিকে—২০২১ সালে ৩য় বিভাগ ফুটবলে ফকিরাপুল দলের হয়ে খেলেন,২০২২ সালে ২য় বিভাগে বিকেএসপি দলের মিডফিল্ডে দায়িত্ব পালন,২০২৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে লিটল ফ্রেন্ডস ক্লাবের হয়ে খেলেন,২০২৪ সালে একই লিগে ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাবের হয়ে মাঠে নামেন।
২০২৫ সালে চ্যাম্পিয়নশিপ লিগে PWD স্পোর্টস ক্লাবে যোগ দেন। PWD স্পোর্টস ক্লাব বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে দলটি । এবারে অনুর্ধ-২৩ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক
দলে ডাক পান।
মোহাম্মদ শরীফ ২০২৫-২০২৬ মৌসুমের জন্য প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে PWD স্পোর্টস ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ পেলেন।
শরীফ মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ, নির্ভুল পাসিং এবং খেলার গতি নিয়ন্ত্রণে তার আলাদা দক্ষতা রয়েছে। তিনি আক্রমণ সাজাতে যেমন পারদর্শী, তেমনি ডিফেন্সের সহায়তায়ও কার্যকর ভূমিকা রাখেন। তার শারীরিক ফিটনেস ও মাঠে পরিশ্রম করার মানসিকতা তাকে বিশেষভাবে আলাদা করে তোলে।
শরীফের জন্ম একটি সাধারণ পরিবারে। ছয় ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম সন্তান। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার নেশা, আর পরিবারের উৎসাহ ও সমর্থনই তাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে।
নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে শরীফ বলেন—
“প্রিমিয়ার লিগে খেলা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এই সুযোগকে কাজে লাগিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চাই। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে মাঠে নামাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।”
ফুটবল বিশ্লেষকদের মতে, শরীফ একজন সম্ভাবনাময় মিডফিল্ডার, যিনি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন।
Leave a Reply