পুরান ঢাকায় হুজুর সেজে প্রতারণা: ১৭.৫ লাখ টাকা আত্মসাৎ করে, ধরিয়ে দিলে মিলবে ১ লাখ টাকা পুরস্কার!
সিয়াম বিশেষ প্রতিনিধি ঢাকা
ঢাকা: পুরান ঢাকার খাজেদেওয়ান এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি চক্র হুজুরের বেশ ধারণ করে দীর্ঘদিন ধরে প্রতারণার জাল বিছিয়ে আসছিল। তাদের মূল হোতারা হলেন রাব্বি হোসেন পাভেল, সাজ্জাদুল ইসলাম ও মহিবুল্লাহ সৌরভ। এদের সঙ্গে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার তিন মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আরিফ, আব্দুল আলিম ও মেহেদী হাসানকে ব্যবসায়িক অংশীদারিত্বের ফাঁদে ফেলে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে।
ভুক্তভোগী মোহাম্মদ আরিফের অভিযোগ অনুযায়ী, ব্যবসার কথা বলে রাব্বি হোসেন পাভেল গত ৮ আগস্ট, ২০২৫ তারিখে তাদের থেকে থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে খাজেদেওয়ান এলাকা ছেড়ে পালিয়ে যান।
টাকা খুইয়ে দিশেহারা ভুক্তভোগীরা দিনরাত খোঁজাখুঁজির পর অবশেষে গত ১৩ আগস্ট রাব্বি হোসেন পাভেলকে খুঁজে বের করতে সক্ষম হন। এসময় পাভেল একটি অঙ্গীকারনামা দিতে বাধ্য হন, যেখানে তিনি ১৬ আগস্ট, ২০২৫ তারিখে ৪ লক্ষ টাকা এবং ২১ আগস্টের মধ্যে আরও ৬ লক্ষ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। বাকি টাকা ছয় মাসের মধ্যে পরিশোধের কথাও ওই অঙ্গীকারনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়। পাভেলের ভাই ও ভাবিও এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করে তার পক্ষে দায়িত্ব গ্রহণ করেন।
তবে, সকল প্রতিজ্ঞা ভঙ্গ করে গতকাল ১৬ আগস্ট, ২০২৫ তারিখে পাভেল টাকা পরিশোধ করেননি। বরং, আজ ১৭ আগস্ট, ২০২৫ সকালে তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা আনার কথা বলে কৌশলে আবারও পালিয়ে যান। ভুক্তভোগী আরিফ জানান, আজ সকাল ১০টায় সচিবালয়ের সামনে এক ‘স্যারের’ কাছ থেকে টাকা আনার কথা বলে রাব্বি একজন সঙ্গীকে নিয়ে যান। সেখানে স্যার আসতে দেরি করায় তারা যখন চা পান করছিলেন, ঠিক সেই সুযোগে সঙ্গী ফোনে কথা বলার সময় রাব্বি চম্পট দেন।
মোহাম্মদ আরিফ আরও উদ্বেগের সঙ্গে জানান, রাব্বি হোসেন পাভেল শুধু তাদের দুজনকেই নয়, বরং মোট আটজনের কাছ থেকে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন। শুধু তাই নয়, তার দুই সহযোগী সাজ্জাদ ও সৌরভও এর পর থেকে নিখোঁজ রয়েছেন এবং তাদেরও খাজেদেওয়ান এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই গুরুতর প্রতারণার ঘটনায় ভুক্তভোগীরা ইতোমধ্যে চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত বিচার চেয়েছেন।
এদিকে, মোহাম্মদ আরিফ ঘোষণা দিয়েছেন, রাব্বি হোসেন পাভেলকে যে বা যারা ধরিয়ে দিতে পারবেন, তাকে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
এই ঘটনা পুরান ঢাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে এক ধরনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply