“মৌলভীবাজারে চাঞ্চল্যকর ব্যবসায়ী রুবেল হ*ত্যার ঘাতক গ্রে*ফতার”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।
মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ও স্টেশনারি ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান ওরফে রুবেল (৫৫) হত্যার ঘটনায় হত্যাকন্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামতসহ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার (১৭ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলার লয়াইয়াকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ।
এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘ অনুসন্ধানের পর, পুলিশ শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের জুহেল মিয়া ওরফে জুয়েল (২২) কে শনাক্ত করে। তার হাতে থাকা একটি ব্যান্ডেজ তাকে শনাক্তে সহায়তা করে।
জুহেল শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের সুহেল মিয়ার পুত্র।
নিহত রুবেল শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি এলার কুলাউড়া উপজেলায়।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারের পর জুহেল মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। জুহেল আগে মিষ্টির দোকানে কাজ করতো। বর্তমানে বেকার এবং হতাশাগ্রস্ত। তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। আর্থিক সমস্যার কারণে সে ছিনতাইয়ের পথ বেছে নেয়।
পুলিশ সুপার বলেন, ৭ আগস্ট বিকেলে জুহেল মৌলভীবাজার শহরে এসে কুসুমবাগ থেকে শমসেরনগর রোডের দিকে হাঁটে। নিরিবিলি কোনো দোকান খুঁজতে থাকে। এক পর্যায়ে “এফ রহমান ট্রেডিং” দোকানে গিয়ে দোকানের মালিক রুবেলকে একা দেখে ছিনতাই করার পরিকল্পনা করে। সন্ধ্যায় ক্রেতা সেজে দোকানের ভিতরে প্রবেশ করে। রুবেলকে একা পেয়ে তাৎক্ষণিক ছুরি দিয়ে আঘাত করে। রুবেল তার হাত ধরে চিৎকার করতে থাকলে ঘাতক জুহেল ছুরি দিয়ে শরীরে আরো কয়েকটি আঘাত করে। রুবেল মাটিতে লুটিয়ে পড়লে ক্যাশ থেকে নগদ ১১০০ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
হত্যাকাণ্ড ব্যবহৃত মাস্ক,জুতা, ধারালো ছুরিও উদ্ধার করে পুলিশ । এছাড়া রিকশাচালককে ভাড়া দিতে আসামি যে রক্তমাখা ২০ টাকার নোট দিয়েছিল সেটিও জব্দ করা হয়েছে। এর পাশাপাশি হত্যাকাণ্ডের আগে আসামি “দি নিউ আরপি হার্ডওয়্যার” দোকান থেকে ক্রয় করা ২টি এলবো ও একটি সাসপেনশন গ্লু এবং দোকানের ক্যাশ কাউন্টারের একটি রক্তমাখা ফাইলও উদ্ধার করা হয়েছে, যা ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের, মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো মাহবুবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সন্ধ্যায় ব্যবসায়ী রুবেলকে ছুরিকাঘাত করে হত্যা করলে মৌলভীবাজার সদর মডেল থানায় (মামলা নং-১৮, তারিখ: ৯ আগস্ট ২০২৫, ধারা: ৩০২/৩৪)। হত্যা মামলা দায়ের করা হয়।
Leave a Reply