“তিস্তার বুকে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের একদিনেই বৈদ্যুতিক তার চুরি”
ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা
তিস্তার বুকে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের একদিনেই বৈদ্যুতিক তার চুরি, সেতুতে নেমেছে অন্ধকার
গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে সদ্য উদ্বোধন হওয়া তিস্তার বুকে দাঁড়ানো মওলানা ভাসানী সেতু এখন আলোবিহীন অন্ধকারে ডুবে আছে। উদ্বোধনের মাত্র একদিনের মাথায় সেতুর ল্যাম্পপোস্টে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিষয়টি প্রথম নজরে আসে স্থানীয়দের। তাদের অভিযোগ, একটি চক্র সেতুর হরিপুর পয়েন্ট থেকে মাটি খুঁড়ে বিদ্যুতের তার কেটে নিয়ে গেছে। এর ফলে টানা দুইদিন ধরে সেতুর লাইট জ্বলছে না। ঘটনাটিকে এলজিইডি কর্তৃপক্ষের অবহেলার ফল বলে দাবি করেছেন এলাকাবাসী।
এর আগে বুধবার উদ্বোধনের রাতেও সেতুতে আলো জ্বলেনি। হাজারো মানুষ সেতু দেখতে এলে অন্ধকারের কারণে পড়তে হয় চরম ভোগান্তিতে। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এলজিইডির গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী উদ্বোধনের রাতে দাবি করেছিলেন, কন্ট্রোল মেশিন হঠাৎ বিকল হওয়ায় লাইট জ্বালানো সম্ভব হয়নি এবং সমস্যা সমাধানে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে। তবে শুক্রবার ক্যাবল চুরির খবর প্রকাশ পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলজিইডির সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তীর সঙ্গেও ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে এলজিইডি সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন বিষয়টি স্বীকার করে জানান, ক্যাবল চুরির কারণে বিদ্যুৎ সংযোগ চালু করা যায়নি। তবে কতটুকু তার চুরি হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
উল্লেখ্য, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন। ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। বাংলাদেশ সরকার, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে এবং এলজিইডির বাস্তবায়নে সেতুটি নির্মিত হয়।
Leave a Reply