“২০ আগস্ট ‘নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস’ ঘোষণার দাবিতে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আলোচনা সভা অনুষ্ঠিত”
মোঃ আক্তার হোসেন হাইমচর,প্রতিনিধি
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নদীভাঙনের ভয়াবহ বাস্তবতা ও ইতিহাস স্মরণে ২০ আগস্ট জাতীয়ভাবে ‘নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস’ ঘোষণা করার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২আগস্ট বিকালে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও সচেতন নাগরিকগণ অংশ নেন।
বক্তারা বলেন, “হাইমচর একটি নদীপ্রবণ উপজেলা, যেখানে বছরের পর বছর নদীভাঙনে মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। অথচ এখনো স্থায়ী বাঁধ বা সুনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি।”
তারা উল্লেখ করেন, ১৯৮৮ সালে আব্দুল্লাহ সরকার নদী ভাঙন প্রতিরোধে ঢাকায় যে গণআন্দোলন সংগঠিত করেছিলেন, তা হাইমচরের মানুষ আজও শ্রদ্ধাভরে স্মরণ করে।
ভিডিও কলে যুক্ত হয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন মিজি বলেন, “২০ আগস্টকে ‘নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস’ হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। নদীভাঙন শুধু হাইমচরের সমস্যা নয়, এটি জাতীয় সংকট।”
সভায় বক্তারা আরও বলেন, নদীভাঙনের শিকার অনেক পরিবার এখনো সাহায্য ও পুনর্বাসনের বাইরে রয়ে গেছে। ফলে সরকারি উদ্যোগ, সামাজিক ঐক্য এবং গণসচেতনতার মাধ্যমে টেকসই প্রতিরোধ গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, যুব সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধি।
বক্তারা ২০ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে দিবস ঘোষণার জোর দাবি জানান।
শেষে সবাই নদী রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply