“কেরানীগঞ্জে হাসনাবাদ কন্টেইনার রোড সংস্কারের দাবিতে মানববন্ধন : দ্রুত কাজ শুরুর আল্টিমেটাম”
ঢাকা প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেইনার রোডের বেহাল দশার কারণে প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ দুরবস্থার দ্রুত সমাধান ও পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে এলাকাবাসী, সমাজকর্মী ও বিশিষ্টজনদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় হাসনাবাদ ঔষধ ফ্যাক্টরির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তার ভাঙা অংশে প্রায়ই সিএনজি, বাস ও ট্রাক আটকে যায়। দুর্ঘটনায় মানুষ আহত হওয়ার পাশাপাশি যানবাহন বিকল হয়ে পড়ে। অসুস্থ রোগী হাসপাতালে নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র নেতা সাজ্জাদ আল ইসলাম। তিনি বলেন,
“হাসনাবাদ কন্টেইনার রোড কেরানীগঞ্জের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার ট্রাক ও মালবাহী যানবাহন এই রাস্তা ব্যবহার করে। পাশাপাশি অসংখ্য মা-বোন প্রতিদিন আদ্দিন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন। আর সহ্য করা যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে উপজেলা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ গণ অধিকার পরিষদের সভাপতি শওকত মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ যুব অধিকার সভাপতি হিমেল ও সেক্রেটারি তানজিল ইসলাম, কেরানীগঞ্জ থানা বৈষ্যের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মুজিব ভূইয়া, নিলয়সহ বিপ্লবী জনতা।
মানববন্ধনের আয়োজকদের একজন সায়মন চৌধুরী বলেন,
“উক্ত রাস্তার শুধু সামান্য সংস্কার যথেষ্ট নয়। প্রয়োজন অবকাঠামোগত পূর্ণাঙ্গ সংস্কার। পাশের ড্রেনেজ লাইন এবং অন্যান্য সুবিধা সঠিকভাবে নির্মাণ না করলে রাস্তা আবার কয়েকদিন পরই ভেঙে পড়বে। তাই নতুনভাবে টেকসই রাস্তা নির্মাণ জরুরি। যারা এসব সংস্কারের দায়িত্বে আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে এলাকাবাসী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।”
সভায় গণ অধিকার পরিষদের সভাপতি শওকত মোল্লা বলেন,
“হাসনাবাদ কন্টেইনার রোডের বেহাল দশা সমাধানে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে উপজেলায় চাপ সৃষ্টি করে হলেও আমরা সংস্কার কাজ আদায় করব।”
বক্তারা আরও বলেন, অবহেলায় পড়ে থাকা এই সড়ক দ্রুত সংস্কার না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
Leave a Reply