“আমরা জাতীয় সংসদে কুরআন নিয়ে যেতে চাই — অধ্যাপক মুজিবুর রহমান”
আবু শিহাবুত তালহা, বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “বাংলাদেশ কোনো মানুষের নয়, বাংলাদেশ মহান আল্লাহর। তাই এ দেশে চলবে আল্লাহর আইন। আমরা চাই, আগামী জাতীয় সংসদে কুরআন নিয়ে যেতে, যেন দেশের আইন-কানুন ও নীতিমালা কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী আপেল।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “যারা আল্লাহর আইন চায় না, তারা দেশের মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এদেশের ৮০ ভাগ মানুষ কৃষক, যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। অথচ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ৫৪ বছর ধরে জালিম শাসকরা এই দেশ শাসন করছে বলেই কৃষকরা বঞ্চিত হয়েছে, মৌলিক অধিকার হারিয়েছে, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।”
তিনি বলেন, “জাতীয়তাবাদও শয়তানের চিন্তা। মহানবী (সা.) কখনো জাতীয়তাবাদকে সমর্থন করেননি। আমরা চাই, আগামী দিনের বাংলাদেশ হবে কুরআন ও সুন্নাহভিত্তিক ‘মদিনা স্টাইলের’ রাষ্ট্রব্যবস্থা।”
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “আগামী নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে করতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ ও সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা সম্ভব নয়— আগে গণভোট, পরে নির্বাচন দিতে হবে।”
তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীরা যেমন ইসলামী ছাত্রশিবিরকে বিজয়ী করছে, তেমনি আগামী দিনেও ইসলামপন্থীদের বিজয়ী করতে হবে। বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে গোলাম রব্বানীকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও বগুড়া–৭ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সংগঠনের সেক্রেটারি জেনারেল এস. এম. শাজাহান, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলা সহকারী সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল মোমিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply