“ধুনটে আদালতের নোটিশ দিতে গিয়ে গ্রাম পুলিশকে মারধর”
আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)
ধুনটে আদালতের জারিকৃত একটি নোটিশ দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আতিকুর রহমান নামে এক গ্রাম পুলিশ। সোমবার সকালে কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর কদলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহল্লাদার এবং মৃত আবু কালামের ছেলে। জানা যায়, হেউটনগর খাজার মোড় এলাকার আব্দুল মজিদের ছেলে শামীম রহমানের দায়ের করা এনজিআর ৫৩/২০২৫ মামলার একটি নোটিশ উচ্চ আদালত থেকে জারি হয়। নোটিশে বিবাদী হিসেবে নাম রয়েছে রাশেদ রানা ও রাসেল আহম্মেদের।
নোটিশটি পৌঁছে দিতে আতিকুর রহমান শামীম রহমানের বাড়িতে গেলে তিনি বাড়িতে ছিলেন না। পরে আতিকুর নোটিশটি শামীমের বাবা আব্দুল মজিদের কাছে দিতে চাইলে তিনি নোটিশ গ্রহণে অস্বীকৃতি জানান। দায়িত্ব পালন নিশ্চিত করতে আতিকুর নোটিশটি বাড়ির দেয়ালে টাঙিয়ে ছবি তুললে ক্ষিপ্ত হয়ে আব্দুল মজিদ, জামিলা বেগম ও বিউটি খাতুন মিলে তার ওপর আকস্মিক হামলা চালান এবং ডিউটির পোশাক ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করে বলেন, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন জানান, তিনি বিষয়টি অবগত আছেন এবং ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দিপীকা দাস বলেন, নোটিশ দিতে গিয়ে হামলার ঘটনার একটি অভিযোগ থানায় জমা হয়েছে।
Leave a Reply