“শেখ হাসিনার ফাঁসির রায়ের খবরে জাবিতে শিক্ষার্থীদের মিষ্টি উৎসব ও আনন্দমিছিল”
মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা মিষ্টি উৎসব, প্রতীকী ফাঁসি এবং আনন্দ মিছিলের আয়োজন করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করলে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জাকসু’র (কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) উদ্যোগে মিষ্টি উৎসব পালিত হয়। মিষ্টি বিতরণের পর শিক্ষার্থীরা শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেন।
উৎসবে জাকসুর কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার রায় হলো’, ‘দড়ি লাগলে দড়ি নে, শেখ হাসিনার ফাঁসি দে’ এবং ‘ও মোদি ও মোদি, হাসিনাকে কবে দিবি’ ইত্যাদি স্লোগান দেন।
উৎসব ও প্রতীকী ফাঁসির পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলও করেন। শিক্ষার্থীরা দাবি করেন, শেখ হাসিনার ফাঁসির রায় জুলাইয়ে শহীদ ও আহত পরিবার এবং দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটিয়েছে। দ্রুত রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন,
“গত সতেরো বছরে আওয়ামী লীগ সরকার জনগণের উপর জুলুমতন্ত্র কায়েম করেছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা ও গুম তাদের কাছে জায়েজ ছিল। পিলখানা, শাপলা চত্বর, আয়নাঘর, গুম-খুন এবং জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও বলেন,
“আমরা আশা করছি দ্রুত এই রায় বাস্তবায়ন হবে। শিক্ষার্থীদের উদ্যোগে মিষ্টি উৎসব ও আনন্দ মিছিলের মাধ্যমে রায়কে স্বাগত জানানো হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো এখান থেকে শিক্ষা নেবে।”
Leave a Reply