“রাবিতে বরিশাল ডিভিশন স্টুডেন্ট ফোরামের নবীনবরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত”
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বরিশাল ডিভিশন স্টুডেন্ট ফোরামের ‘নবীনবরণ ও প্রবীন বিদায় এবং সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে এবং তাদের সঠিক দিকনির্দেশনা দিতে বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে। তারা আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা যেন নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলে।
নবীনবরণে অনুভূতি প্রকাশ করে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মাজহারুল ইসলাম ফাহিম বলেন, ‘নবীনবরণে অংশ নেওয়া আমার জন্য নতুন অভিজ্ঞতা। এখানে এসে অনেক নতুন মুখের সঙ্গে পরিচয় হলো, সিনিয়ররাও বেশ বন্ধুভাবাপন্নভাবে আমাদের গ্রহণ করেছেন। আশা করি, সামনে সবাই মিলে ভালোভাবে পথ চলতে পারব এবং বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা এমনই ইতিবাচক থাকুক।’
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে রাবির আরবি বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘তোমরা জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছো। আমরাও তোমাদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিচ্ছি। পাশাপাশি আমাদের আরবি বিভাগের নবনিযুক্ত তিনজন শিক্ষককেও আমি অভিনন্দন জানাই—তাদের যোগদান আমাদের বিভাগকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। রাজশাহী শহরে আমাদের একটি বিভাগীয় সমিতি রয়েছে, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক, ব্যবসায়ী এবং চাকুরিজীবীরা যুক্ত আছেন। এই সমিতি আমাদের বিভাগের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’
বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. আর রাফি খান বলেন, ‘আজকের এই দিনটি আমাদের সবার জন্য বিশেষ। নবীন শিক্ষার্থীরা নতুন স্বপ্ন, উদ্যম ও সম্ভাবনা নিয়ে আমাদের পরিবারে যুক্ত হচ্ছেন— তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয় জীবন তাদের মেধা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশের অসীম সুযোগ এনে দেবে— আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অন্যদিকে, প্রবীণ শিক্ষার্থীরা দীর্ঘ অভিজ্ঞতা, অর্জন ও স্মৃতিকে সঙ্গে নিয়ে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন— তাদের জন্য আমাদের গর্ব অপরিসীম। এই ফোরাম সবসময়ই তাদের জন্য উন্মুক্ত থাকবে, তাদের সফলতাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।’
তিনি আরও বলেন, ‘বরিশাল ডিভিশন স্টুডেন্টস ফোরাম ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার প্রতীক। আমরা চাই— প্রত্যেকে এখানে নিরাপদ, আন্তরিক ও পরিবারসুলভ পরিবেশে বেড়ে উঠুক। নবীনরা সিনিয়রদের থেকে শিখুক, আর প্রবীণরা এই ফোরামের মধুর স্মৃতি বয়ে নিয়ে এগিয়ে যাক— এটাই আমাদের প্রত্যাশা।’
Leave a Reply