“গাজীপুরের শিমুলতলিতে কুটির শিল্প ও বাণিজ্য মেলা ভাঙচুরের ঘটনায় দুইপক্ষের সমঝোতা বৈঠক”
সাঈদ আল সাগর :গাজীপুর সংবাদ প্রতিনিধি :
গাজীপুরের শিমুলতলীতে কুটিরশিল্প ও বাণিজ্য মেলায় (২২ নভেম্বর) ঘটে যাওয়া উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এর সঙ্গে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উভয় পক্ষ ঘটনাটির বিস্তারিত মূল্যায়ন করেন। বিএমটিএফ কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে, সেই সাথে এই ঘটনার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান, এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারা তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে ডুয়েটকে অবহিত করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
সভায় আরও আলোচনা হয় যে, মেলায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে মেলাটি প্রয়োজনে বন্ধ রাখার বিষয়ে ডুয়েট, বিএমটিএফ কর্তৃপক্ষ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার একসঙ্গে কাজ করবে।
এ ছাড়া তদন্ত কমিটিতে ডুয়েট কর্তৃক মনোনীত শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিষয়টি সভায় আলোচনায় আসে, যা তদন্তকে আরও ভারসাম্যপূর্ণ করবে বলে প্রতিনিধিরা মত দেন।
ডুয়েট প্রতিনিধি দল সভায় আশা প্রকাশ করে যে, দুই প্রতিষ্ঠানের আন্তরিকতা, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে ঘটনার সঠিক তদন্ত, বিচার এবং ন্যায়সংগত সমাধান নিশ্চিত হবে। একইসঙ্গে ডুয়েট ও বিএমটিএফ-এর দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে এবং সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Leave a Reply