“ধুনটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু: সেচপাম্প বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট”
শিবলী,উপজেলাপ্রতিনিধি,ধুনট,বগুড়া।
বগুড়ার ধুনট উপজেলায় সেচপাম্পের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিপন পাইকার (২৫) নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার পিরাপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন পাইকার ধুনটের নিমগাছী ইউনিয়নের পিরাপাট গ্রামের গোলাম রব্বানী পাইকারের ছেলে। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিপন মরিচের জমিতে সেচ দিতে বালুয়া খাল এলাকায় যান। বিকেল সাড়ে ৩টার দিকে সেচপাম্প বন্ধ করে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন।
পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে পৌঁছানো হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply