“মাধবপুরে জমি-সংক্রান্ত বিরোধে কৃষকের ১০ শতক শিমক্ষেত ধ্বংস”
হবিগঞ্জ প্রতিনিধি:জি,এম বাবু
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৃষকের সবজি ক্ষেতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে চারজন প্রতিপক্ষ কৃষক মোঃ জসিম উদ্দিনের ১০ শতক জমির শি গাছ কেটে ও উপড়ে ফেলে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে জানানো হয়, বিবাদীরা দা, লাঠি ও সোঠা নিয়ে হামলা চালিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। জসিম উদ্দিন বিষয়টি প্রতিরোধ করতে গেলে তাকে মারধরের চেষ্টা করা হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পর মোঃ জসিম উদ্দিন মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্ল্যা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply