“শিবচরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময় ও নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :-
মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারের স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)–এর উদ্যোগে এক তথ্যবহুল, দিকনির্দেশনামূলক এবং পেশাগত উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার শতাধিক রেজিস্টার্ড ফার্মাসিস্ট, ফার্মেসি মালিক এবং ডায়াগনস্টিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
সভাটি ঔষধ ব্যবস্থাপনা, নৈতিক ব্যবসা, জনস্বাস্থ্য নিরাপত্তা, সরকারি নীতিমালা বাস্তবায়ন এবং পেশাগত দায়বদ্ধতা বিষয়ে অত্যন্ত গুরুত্ববহ আলোচনায় পরিণত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন—
ডা. ফাতিমা মাহজাবীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), শিবচর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডা. মোঃ ইব্রাহীম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মোঃ ফজলুল হক, স্যানিটেশন ইন্সপেক্টর
মোঃ আব্দুল্লাহ আল মামুন, অফিস সহকারী
শ্রী বিধান চন্দ্র সাহা, উপদেষ্টা, বিসিডিএস শিবচর উপজেলা উপশাখা।
মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, বিসিডিএস শিবচর উপজেলা উপশাখা
মোঃ সিরাজুল ইসলাম সুমন, সহ-সভাপতি, বিসিডিএস শিবচর উপজেলা উপশাখা।
সভাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন বিসিডিএস শিবচর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সুর্য মিয়া।
আরএমও ডা. ইব্রাহীম হোসেন তাঁর বক্তব্যে বলেন— ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্যব্যবস্থায় সরাসরি মানবজীবন রক্ষার দায়িত্ব পালন করেন। সঠিক ঔষধ সরবরাহ, সঠিক দাম, নৈতিকতা ও নিয়মতান্ত্রিক ব্যবসা শুধু পেশাগত দায়িত্বই নয়—বরং জনস্বাস্থ্যের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন—
ঔষধ কোম্পানির নির্ধারিত মূল্যের বাইরে কোনো অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না। নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন ওষুধ কোনো অবস্থাতেই বিক্রি করা যাবে না। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিকসহ কোনো নিয়ন্ত্রিত ঔষধ বিক্রি নিষিদ্ধ।
সরকারি নীতিমালা অনুযায়ী লাইসেন্স নবায়ন, মজুদবিধি, সংরক্ষণ পদ্ধতি সঠিকভাবে পালন করতে হবে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সাথে আর্থিক লেনদেন, বোনাস বা প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়।এগুলো বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত মনিটরিং করবে বলেও জানানো হয়।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির শিবচর উপজেলা শাখার সভাপতি মোঃ বরকতুল ইসলাম বলেন—
“ঔষধ মানবজীবনের মতো স্পর্শকাতর ও মূল্যবান কিছু আর নেই। তাই এখানে কোনো প্রকার অনিয়ম চলতে পারে না। সরকার দুর্নীতি, মাদক, জঙ্গিবাদমুক্ত দেশ গঠনে কাজ করছে। ঔষধ ব্যবস্থাপনায়ও কঠোর মনিটরিং চলছে।”
তিনি আরও বলেন— সরকারের ঔষধ মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।
লাইসেন্সবিহীন দোকান কঠোর নজরদারিতে থাকবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমিতির নামে চাঁদাবাজি বা হয়রানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীরা স্বাধীনভাবে, নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন—এ নিশ্চয়তা দেওয়া হচ্ছে। একজন ফার্মাসিস্ট তৃণমূল পর্যায় থেকে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি স্পষ্ট করে বলেন—
“ফার্মাসিস্ট ছাড়া কেউ ঔষধের দোকান পরিচালনা করতে পারবে না—এই লক্ষ্য বাস্তবায়নে বিসিডিএস কাজ করছে।”
সভায় বক্তারা উল্লেখ করেন— ঔষধের সঠিক মূল্য বাস্তবায়নে বিসিডিএস সারাদেশে কাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থ, মর্যাদা, একাত্মতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সমিতি নিরলসভাবে কাজ করছে।
বৈধভাবে ব্যবসা পরিচালনা, ভেজাল ঔষধ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন—এ তিনটিকেই সমিতি সমান গুরুত্ব দেয়। প্রশিক্ষিত ফার্মাসিস্টদের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ উপজেলার সকল ফার্মেসি ও স্বাস্থ্যসেবা উদ্যোক্তাদের প্রতি ঐক্য, সততা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, নিরাপদ ঔষধ ব্যবস্থাপনা এবং ফার্মেসি খাতকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি পারস্পরিক সহযোগিতা, সুসম্পর্ক ও নৈতিকতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়।
Leave a Reply