“ধুনটে বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গে কৃষকের গোয়ালঘরে আগুন”
আশেকে এলাহী শিবলী – ধুনটে (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট আগুনে আফিজার রহমান (৫০) নামে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিকাশী ইউনিয়নের বড় চাপড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আফিজার রহমান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষকের বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তার হঠাৎ স্ফুলিঙ্গ ছড়ালে তা গোয়ালঘরে আগুন লাগায়। মুহূর্তেই আগুন খড়, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি কাঠামোতে ছড়িয়ে পড়ে। পানি ও বালতি নিয়ে স্থানীয়রা চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়ে যায়। ফলে সম্পূর্ণ গোয়ালঘর ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ধুনট ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাছুদ পারভেজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে রওনা দেন। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।
Leave a Reply