“মুন্সীগঞ্জে জাল দলিলের মামলায় ৭৫ বছরের বৃদ্ধকে জেল হাজতে প্রেরণ”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি: হারুন রশীদ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাল দলিল করে সম্পত্তি আত্মসাৎ করার অপরাধের মামলায় আব্দুস সালাম খানকে (৭৫) আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরের দিকে আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হলে শুনানি শেষে লৌহজং থানা আমলি আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মওদুদ আহমেদ আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামি আব্দুস সালাম খান লৌহজং উপজেলার মৌছা গ্রামের মৃত জলিল খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ১৯৬৭ সনের ২৪ ডিসেম্বর আসামি তার পিতা জলিল খানকে গ্রহীতা সাজিয়ে একই গ্রামের মামলার বাদী মনিরুজ্জামানের পিতা ও চাচাদের দাতা বানিয়ে ২ টি জাল দলিল সৃজন করে সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে লৌহজং সহকারী কমিশনার ভূমি অফিসে আসল দলিল বলে ২০৭/২২-২৩ইং মামলায় দাখিল করেন।
পরে বাদী গত ২০২৪ সালের ১৩ জুলাই ভূমি অফিস হতে আসামির সৃজিত জাল দলিলের বিষয়ে অবগত হয়ে একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক খা এর ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে গত ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর লৌহজং থানা আমলি আদালতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করলে, মামলাটি আদালত গ্রহণপূর্বক জেলা গোয়েন্দা (ডিবি) কে তদন্ত করে প্রতিবেদনের জন্য নির্দেশ দেন।
পরে প্রতিবেদনে বাদী সন্তুষ্ট না হওয়ায় আদালতে নারাজি দাখিল করলে আদালত পিবিআই, মুন্সীগঞ্জ তদন্তের নির্দেশ দিলে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের আলোকে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন আদালত।
আসামি সমন প্রাপ্ত হয়ে আদালতে হাজির না হওয়ায়, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিলে আসামি স্বেচ্ছায় রবিবার হাজির হলে শুনানি শেষে আদালত আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ ব্যাপারে আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ বলেন, আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করায় তার জামিন শুনানি শেষে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply