“পুষ্টি সচেতনতায় অনন্য উদ্যোগ ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ”
মোঃআশরাফুজ্জামান,ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:
০১ ডিসেম্বর ২০২৫ ইং
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর দুধ বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক। শিক্ষার্থীদের হাতে দুধ বিতরণকালে তিনি বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধের অবদান অপরিসীম। নিয়মিত দুধপান সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন। তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কেবল আনুষ্ঠানিকতা নয় এটি জনগণকে প্রাণিসম্পদ খাতে গুরুত্ব সম্পর্কে সচেতন করার বড় উদ্যোগ। শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ পুষ্টিসচেতনতা বৃদ্ধির কার্যকর উপায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মওদুদ হাসান। তিনি দুধের পুষ্টিগুণ ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। পাশাপাশি প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।দুধ পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের ছাপ দেখা যায়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা দুধ গ্রহণ করে এবং এ ধরনের উদ্যোগ নিয়ে সন্তোষ প্রকাশ করে। বিদ্যালয়ের পরিবেশ ছিল উৎসবমুখর।
দেশীয় জাত, আধুনিক পদ্ধত প্রাণিসম্পদ হবে উন্নত” এই মূল স্লোগানকে সামনে রেখে কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতন করা,নিয়মিত দুধ পান করার অভ্যাস গড়ে তোলা,প্রাণিসম্পদ সপ্তাহের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।
প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, পুরো সপ্তাহ জুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা, প্রদর্শনী ও প্রাণিসম্পদ সেবামূলক কার্যক্রম চলবে। এসব উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তারা।
ফুলবাড়ীতে অনুষ্ঠিত এ স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply