“রাতে নিখোঁজ, সকালে ঝুলন্ত লাশঃ মিকশিমিলে যুবকের মৃত্যুতে রহস্য”
সাইফুল ইসলাম শাহিন,খুলনা বিশেষ প্রতিনিধি
একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের একটি আমগাছে তার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
নিহত জীম মিকশিমিল গ্রামের জাকির হোসেনের ছেলে। পরিবার জানায়, রোববার সন্ধ্যায় জীম স্থানীয় মাঠে খেলতে বের হয়। রাত ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশে একটি বাগানে আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে লাশ নিচে নামান।
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী জানান, প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, “জানামতে ছেলেটি নেশার সঙ্গে জড়িত ছিল। তাকে বহুবার এ পথ থেকে ফেরানোর চেষ্টা করা হয়েছে।” তবে বাম চোখে কিছু সমস্যা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাটি তদন্তের জন্য থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।
Leave a Reply