“ধুনটে তাফসীর মাহফিলের পোস্টারে জামায়াত প্রার্থীর স্টিকার—সমালোচনার ঝড়”
আশেকে এলাহী শিবলী – ধুনট(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নয়া চান্দিয়া গ্রামে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া তাফসীরুল কুরআন মাহফিলের পোস্টারে রাজনৈতিক স্টিকার লাগানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আয়োজক কমিটির ধর্মীয় প্রচারণামূলক পোস্টারের ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব নবীপুর রহমানের নির্বাচনী স্টিকার লাগানো হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে দিঘলকান্দি গ্রামে দেয়ালে টানানো পোস্টারের ওপর রাজনৈতিক স্টিকার দেখা গেলে অনেকেই তীব্র প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, পবিত্র ধর্মীয় মাহফিলের পোস্টার কুরআনের দাওয়াত পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। সেখানে রাজনৈতিক প্রচারণা যুক্ত করা শুধু অনৈতিকই নয়, মাহফিলের ভাবমূর্তি ও পবিত্রতাকে প্রশ্নবিদ্ধ করে।
এ বিষয়ে আয়োজক কমিটির পক্ষে মোঃ শাহ আলম বলেন,
“মাহফিলের তারিখ হওয়ার আগেই ধর্মীয় পোস্টারে রাজনৈতিক স্টিকার লাগানো অনৈতিক ও অসম্মানজনক। এটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা তদন্ত করা প্রয়োজন। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
মাহফিলের বিশেষ অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ রাজ্জাকুল কবির বিদ্যুৎ বলেন,
“ধর্মীয় মাহফিলের পোস্টারেঔ রাজনৈতিক দলের স্টিকার লাগানো অত্যন্ত নিন্দনীয়। তারা কি মাহফিলের পোস্টারকে নিজেদের দলের প্রচারপত্র ভেবেছে? আমি অবিলম্বে এসব স্টিকার অপসারণের দাবি জানাচ্ছি।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ বিষয়ে ধুনট উপজেলা জামায়াতে ইসলামের আমির আমিরুল ইসলামের বক্তব্য জানতে ফোন করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
Leave a Reply