“শিবচরে মনোনয়ন ঘিরে উত্তেজনা মশাল মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ”
সাহিদুল,উপজেলাপ্রতিনিধি,শিবচর,মাদারীপুর।
মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মনোনয়ন বঞ্চিত নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবিতে তাঁর অনুসারীরা শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল করেছেন। এই আকস্মিক অবরোধের ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে শিবচরের পাঁচ্চর মোল্লা বাজার এলাকায় কয়েক হাজার নেতাকর্মী প্রথমে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর তাঁরা মশাল হাতে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে সড়ক অবরোধ শুরু করেন। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে, এতে হাজার হাজার যাত্রীকে শীতের রাতে ভোগান্তির শিকার হতে হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মাদারীপুর-১ আসনের জন্য বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছিল। কিন্তু নাটকীয়ভাবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ‘অনিবার্য কারণ’ দেখিয়ে তাঁর মনোনয়ন স্থগিত করা হয়। দীর্ঘ এক মাস ধরে আসনটি ঝুলে থাকার পর ৪ ডিসেম্বর নতুন প্রার্থী হিসেবে জেলা বিএনপির সদস্য নাদিরা আক্তার মিঠুকে ঘোষণা করা হয়, যা এই ক্ষোভের জন্ম দেয়।
উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক শাহজাহান হোসেন মোল্লা (সাজু মোল্লা) ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “কামাল জামান মোল্লার মনোনয়ন কেন বাতিল করা হলো, দল এখনও তার কোনো ব্যাখ্যা দেয়নি। আমরা সেই অপেক্ষায় আছি।
আন্দোলনকারীরা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। শিবচর উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক, শাহজাহান হোসেন মোল্লা (সাজু মোল্লা) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি বিশ্বাস করি, জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে এবং কামাল জামান মোল্লার মনোনয়ন ফিরিয়ে দেওয়া হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী তিনদিনের মধ্যে পুনরায় তদন্ত করে কামাল জামান মোল্লার মনোনয়ন ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। তখন দক্ষিণ বাংলার প্রবেশদ্বার ঢাকা-খুলনা মহাসড়ক অচল করে দেওয়া হবে।
Leave a Reply