“গংগাচড়ায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত”
মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি রংপুর
রংপুরের গংগাচড়া উপজেলায় দুর্বৃত্তদের আঘাতে আখেরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়া এলাকার ডুব্বির পাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে মাত্র পাঁচশ’ গজ দূরে।
নিহত আখেরুল ইসলাম ভুটকা মধ্যপাড়ার শামসুদ্দিনের ছেলে। তিনি গঙ্গাচড়া পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আক্তারুল ইসলামের বড় ভাই বলেও জানা গেছে। পেশায় দিনমজুর হলেও সম্প্রতি কেরানীগঞ্জে একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। প্রায় এক মাস আগে চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতের খাবারের জন্য মালিপের বাজার থেকে আটা কিনে বাড়ি ফিরছিলেন আখেরুল। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথার ডান পাশে ধারালো বা ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করে ফেলে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply