“সাজিদ হত্যার ১৪৫ তম দিন; বিচার দাবিতে ইবিতে ফের মানববন্ধন”
ইবি প্রতিনিধি:
সাজিদ হত্যার ১৪৫ দিনে পেরোলেও খুনিদের চিহ্নিতকরণ সম্ভব হয়নি। সাজিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীদের মানববন্ধনের প্রতি একাত্মতা জানিয়ে শিক্ষক সংগঠন ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রশাসন সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার নিশ্চিত না করে এটাকে ধামাচাপা দিতে বিভিন্ন ইস্যু তৈরি করেছে। আমরা দ্রুত সাজিদ হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
এসময় উপস্থিত শিক্ষক’রা বলেন, ‘সাজিদ আব্দুল্লাহ মৃত্যুর ১৪৫ দিন পার হলেও এখনো দৃশ্যমান কোন অগ্রগতি দেখতে পাইনি। আমাদের কাছে মনে হচ্ছে হত্যাকারীকে আড়াল করার জন্য প্রশাসন এটা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে নয়তো বর্তমান প্রশাসন একটি ব্যর্থ প্রশাসন। প্রশাসন যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তারা এর দায়ভার স্বীকার করুক। আর যদি তারা ইচ্ছাকৃতভাবে করে তাহলে আমরা সাজিদ আব্দুল্লাহসহ যেকোনো আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নামবো।’
এসময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমরা ন্যায়বিচার চাই। সাজিদ হত্যার সুষ্ঠু বিচার চাই। সেই সাথে প্রশাসনকে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাজিদের মতো আমরাও হত্যাকান্ডের শিকার হতে পারি।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্যে করে তারা বলেন, ‘আপনারা সিদ্ধান্ত নিন, সিআইডির সাথে কথা বলুন এবং কতদিনে মধ্যে সাজিদের খুনিদের গ্রেফতার করাবেন তার প্রস্তুতি নিন, অথবা আপনারা ক্যাম্পাসের বাহিরে অবস্থান করুন। আপনারা বাংলোতে আরামে থাকবেন, পতাকাবাহী গাড়ি নিয়ে ঘুরে বেড়াবেন এটা আমরা দেখতে চাই না। সাজিদের খুনিদের কতদিনের মধ্যে গ্রেফতার করবেন সেই প্রস্তুতি নেন, না হলে খারাপ পরিণতির জন্য প্রস্তুত থাকুন।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, ডিসেম্বরের ১৭ তারিখের মধ্যে যদি প্রশাসন খুনিদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আমরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করব।
উল্লেখ্য, সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১৭ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যা হয়েছে বলে জানানো হয়।
Leave a Reply